ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:৫৬:৫০ অপরাহ্ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাবেক ইনচার্জ ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ডা. মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর পান্থপথের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নয়াসড়ক নিবাসী মরহুম আবুল হোসেনের পঞ্চম ছেলে। বর্তমানে তাঁর পরিবার মজুমদারী লিচুবাগান এলাকায় বসবাস করছে।
মরহুমের জানাজা আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমআ’ পূর্ব পীর মহল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে হযরত মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে, ডা. মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, সিনিয়র সহসভাপতি ডা. অরুণ কুমার দেব, সহসভাপতি অ্যাডভোকেট মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য এবং সংগঠন দুটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মকসুদ হোসেন। বিজ্ঞপ্তি





