কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:১৮:১০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের উৎপাত প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় শহরের যানজট, যত্রতত্র গাড়ি পার্কিং, রেলওয়ে শ্মশানঘাট ও পৌরশহরের পরিত্যক্ত ভূমি অফিস ভবনসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চুরি-ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, মেলা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, প্রভাষক তাহমিনা আক্তার ও নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন, শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক ও অনৈতিক অবক্ষয় রোধ এবং যানজট নিরসনে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। মেলা ও ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




