নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:২২:১০ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি : চাকরির পেছনে ছুটে ঢাকা-সিলেটে পাড়ি দেওয়া কিংবা বিদেশ যাওয়ার জন্য দালালের দ্বারে দ্বারে ঘোরা নয়, বরং গ্রামে বসেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অনেক বেকার যুবক। মাছ চাষ ও পোল্ট্রি খামার গড়ে তুলে বদলে ফেলছেন নিজেদের ভাগ্য। তাঁদের দেখাদেখি এ পেশায় যুক্ত হচ্ছেন বিদেশফেরত, স্বল্পশিক্ষিত বেকার যুবক এমনকি নারীরাও। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, একসময় অব্যবহৃত পড়ে থাকা পুকুর-ডোবায় গড়ে উঠছে মাছের খামার। বাড়ির পাশের খালি জায়গায় নির্মাণ করা হচ্ছে মুরগির খামার। কেউ এককভাবে, আবার কেউ কয়েকজন মিলে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। পাশাপাশি ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগির খামার গড়ে তুলছেন অনেকে।
আগে যারা দিনমজুরি কিংবা অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন, তাঁদের অনেকেই এখন নিজের পুকুরে রুই, কাতলা, পাবদা, পাঙ্গাস, তেলাপিয়া ও কার্পজাতীয় মাছ চাষ করছেন। স্থানীয়দের মতে, খাল-বিল থেকে দেশি মাছের প্রাপ্যতা কমে যাওয়া, বাজারে মাছের চাহিদা বৃদ্ধি এবং মুরগির মাংস ও ডিমের সারা বছরের চাহিদা এ পেশার প্রতি আগ্রহ বাড়িয়েছে। পাশাপাশি বিদেশ যাওয়ার ব্যয় ও জটিলতা বেড়ে যাওয়ায় অনেকেই গ্রামে থেকেই আয়ের পথ খুঁজছেন।
উপজেলার বেগমপুর গ্রামের ফিশারি মালিক শেখ আবুল মিয়া বলেন, ‘আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতাম। ১২ হাজার টাকা বেতন পেতাম, যার অর্ধেকই চলে যেত থাকা-খাওয়ায়। এখন বাড়ির পুকুরে মাছ চাষ করি। নিজের বাড়িতে থাকি, নিজের কাজ করি। মাছ বিক্রি করে মাসে আগের চেয়ে ভালোই আয় হয়। পোল্ট্রি খামারি দুলাল খান বলেন, ‘প্রথমে ৫০০ মুরগি দিয়ে খামার শুরু করেছিলাম। এখন খামারে দুই হাজার মুরগি রয়েছে। ডিম ও মাংসÑদুই খাত থেকেই আয় হচ্ছে। পাশাপাশি দুজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে।’
স্থানীয়ভাবে অনেক বেকার যুবক দলবদ্ধভাবে ফিশারি গড়ে তুলছেন। কেউ এককভাবে, আবার কেউ তিন-চারজন মিলে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। অনেক নারীও বাড়িতে মুরগির খামার করে পরিবারের আয়ে অবদান রাখছেন। তবে সম্ভাবনাময় এ খাতে নানা প্রতিবন্ধকতাও রয়েছে। খামারিদের অভিযোগ, মাছের খাবার ও মুরগির ফিডের দাম বেশি। মুরগির রোগবালাই দেখা দিলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। অন্যদিকে মাছ চাষে পানির সংকট, বিদ্যুৎ সমস্যা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে পড়ে।
খামারিদের দাবি, সরকারি উদ্যোগে স্বল্প সুদে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নিয়মিত পশু চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে নবীগঞ্জে মাছ চাষ ও পোল্ট্রি শিল্পের আরও সম্প্রসারণ ঘটবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হবে। স্থানীয় সচেতন মহলের মতে, পরিকল্পিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নবীগঞ্জের মাছ চাষ ও পোল্ট্রি খাত অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় চাহিদা পূরণ হবে, অন্যদিকে গ্রামে বসেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন অসংখ্য বেকার যুবক-যুবতী।




