অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:১২:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সহজ করতে ব্যাংকগুলোকে অনলাইনভিত্তিক ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম চালুর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশে না এসেই নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএ খোলার আবেদন করতে পারবেন।
ব্যাংকের ওয়েবসাইটে হিসাব খোলার নিয়ম ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে। আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে পারবেন। ব্যাংক আবেদনকারীর তথ্য ও নথি যাচাই করে অর্থ জমা দেওয়ার পরামর্শ দেবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও হিসাব খোলার জন্য অর্থ গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো।
অর্থ জমা হওয়ার পর হিসাবধারীকে পিন কোড দেওয়া হবে। এর মাধ্যমে তিনি বিদেশে বসেই অনলাইন প্ল্যাটফর্মে নিজের হিসাব পরিচালনা করতে পারবেন।
এনআইটিএ হিসাব খোলার জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের নির্ভরযোগ্য উৎস এবং মনোনীত ব্যক্তি বা অনুমোদিত প্রতিনিধির পরিচয়সংক্রান্ত নথি জমা দিতে হবে।





