সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৮:১২:৩২ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া : বিদেশে কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়, দালালচক্রের প্রতারণা, ভিসা বাণিজ্য এবং চাকরির নিশ্চয়তা ছাড়াই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দিয়ে বিদেশে গিয়েও অনেকে প্রতিশ্রুত চাকরি, বেতন কিংবা আবাসন পান না। ফলে বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন অনেক পরিবারের জন্য আর্থিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।
এমন বাস্তবতায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আরিফুল হক চৌধুরী। তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হলো দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থানের আশায় সম্পদ বিক্রি করা লাখো মানুষের স্বার্থ রক্ষা করা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, প্রতারণা, অনিয়ম ও বিদেশে গিয়ে চাকরি না পাওয়ার মতো বিষয়ে কঠোর অবস্থানের কথা বলে আসছেন তিনি। তাঁর বক্তব্য, কর্মী পাঠানোর নামে কোনো অন্যায় ও অনিয়মের সঙ্গে আপস করবেন না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দেওয়ার কথাও প্রকাশ্যে বলেছেন তিনি।
দেশের অভ্যন্তরে ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে শ্রমিকদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হচ্ছে। বিদেশে কর্মসংস্থানের জন্য যারা দেশ ছাড়েন, তাঁদের শোষণের অভিজ্ঞতা আরও জটিল। পরিচিতজন, দালাল, রিক্রুটিং এজেন্সি কিংবা মধ্যস্বত্বভোগীদের প্রতারণার শিকার হন অনেক বিদেশগামী কর্মী। কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ নিয়ে, আবার কেউ পরিবারের শেষ সম্বল বন্ধক রেখে বিদেশে যান। অথচ গন্তব্যে পৌঁছে অনেকেই প্রতিশ্রুত চাকরি, বেতন কিংবা আবাসন পান না। প্রতারণার শিকার হয়েও অনেকে অভিযোগ করতে চান না। কারণ, দীর্ঘসূত্রতা, হয়রানি ও প্রতিকার পাওয়ার অনিশ্চয়তা তাঁদের আরও অসহায় করে তোলে।
এই মানুষগুলোর স্বার্থ রক্ষার দায়িত্ব এখন আরিফুল হক চৌধুরীর কাঁধে। তাঁর ঘোষিত অবস্থান বাস্তবায়িত হলে বৈদেশিক কর্মসংস্থান খাতের দীর্ঘদিনের অনিয়মের কাঠামোয় পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্র। তবে এই বাজারে কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় ও সিন্ডিকেটের অভিযোগ আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছে।
২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে ২ লাখ ৬৭ হাজার ২৭৬ জন কর্মী পাঠানোর বিপরীতে ৪ হাজার ৫৪৫ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে। এ ঘটনায় মামলা ও তদন্তের ধারাবাহিকতায় ২০২৬ সালের জুলাইয়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে সরকার। পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
এ বিষয়ে মন্ত্রীর অবস্থান, আইনের ঊর্ধ্বে কেউ নন। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা আইনগতভাবে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ অভিযোগের বিচার হবে আইনি প্রক্রিয়ায়; প্রভাবশালী হওয়ার কারণে কেউ দায়মুক্তি পাবেন না। তবে জনশক্তি খাতের ব্যবসায়িক বাস্তবতা, দীর্ঘদিনের প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে সংস্কার বাস্তবায়ন সহজ হবে না।
মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। গত ৫ নভেম্বর ঢাকায় মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সেখানে বেসরকারি এজেন্সির প্রতিনিধিরা কর্মী পাঠানোর ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে ঐকমত্যের কথা জানান। অথচ বাজারে কর্মীপ্রতি ছয় থেকে সাত লাখ টাকা ব্যয়ের কথা প্রচারিত হচ্ছে। এই ব্যবধানের পেছনে ভিসা বাণিজ্য, মধ্যস্বত্বভোগী এবং বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।
মন্ত্রীর বক্তব্য, সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত অর্থ আদায়ের দায় এজেন্সিগুলো এড়াতে পারে না। ব্যবসার নামে নিজেদের মধ্যে অর্থ লেনদেনের বোঝা শেষ পর্যন্ত দরিদ্র কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। একই সভায় তিনি জানান, প্রথম দুই-তিনটি ফ্লাইটে ডিসেম্বরেই শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রত্যাশা করছে সরকার। পরবর্তী সময়ে বেসরকারি ব্যবস্থায় কর্মী পাঠানোর ক্ষেত্রেও ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
মালয়েশিয়ার সঙ্গে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো প্রাথমিক পর্যায়ে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগের নীতিগত সম্মতি। এ উদ্যোগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বোয়েসেল ১১২ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মালয়েশিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত। নিয়োগকর্তারই অভিবাসন ব্যয় বহন করার কথা।
এ উদ্যোগ বিদেশে চাকরি পেতে কর্মীকেই সব খরচ বহন করতে হবে—দীর্ঘদিনের এমন প্রচলিত ধারণার বাইরে যাওয়ার একটি প্রচেষ্টা। মন্ত্রীর প্রত্যাশা, শূন্য ব্যয়ে কর্মী পাঠানোর এই দৃষ্টান্ত দেখে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোও কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া থেকে বিরত থাকবে।
তবে উদ্যোগটির সফলতা নির্ভর করবে কর্মীদের কাছ থেকে প্রকৃতপক্ষে কোনো অর্থ নেওয়া হচ্ছে কি না এবং নিয়োগকর্তারা প্রতিশ্রুত ব্যয় বহন করছেন কি না, তা নিশ্চিত করার ওপর।
শেষ পর্যন্ত আরিফুল হক চৌধুরীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন-তিনি কি বৈদেশিক কর্মসংস্থান খাতকে এমন একটি ব্যবস্থায় রূপ দিতে পারবেন, যেখানে বিদেশে চাকরি পেতে একজন শ্রমিককে সর্বস্ব বিক্রি করতে হবে না, ঋণের বোঝা নিয়ে দেশ ছাড়তে হবে না এবং প্রতারণার শিকার হলে ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা থাকবে?
তাঁর ঘোষিত নীতি, ১০ হাজার কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে পাঠানোর উদ্যোগ, ৪৯টি এজেন্সির লাইসেন্স বাতিল এবং ৩৩৮টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে নতুন নিয়োগ কাঠামো—সবকিছুই এখন বাস্তবায়নের পরীক্ষায়।




