খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৮:১৩:৫৯ অপরাহ্ন

সিলেট নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ‘প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৬’ উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, মনকেও প্রফুল্ল রাখে। একই সঙ্গে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে যে সুন্দর ক্রীড়া আয়োজনের উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব দেবজ্যোতি মজুমদার রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিদ জাহাঙ্গীর, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিক, যুগ্ম সচিব ফয়জুল হক, আফছর খান, আজিজ খান সজিব, মকবুল হোসেন, রিয়াজ মিয়া, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ ও খেলার ধারাভাষ্যকার বিষ্ণুপদ ঘোষ প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের দুটি দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের উৎসাহ দেন। বিজ্ঞপ্তি




