জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৫৯:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও তিনটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এসময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আবদুল আহাদ (২২), জৈন্তাপুর উপজেলার উত্তর নয়াখেল গ্রামের হেলাল আহমেদের ছেলে তাজ উদ্দিন (২৪), গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ (২০) এবং একই উপজেলার ছোটফেল গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে মর্তুজ উল্লাহ প্রকাশ মারুফ (২৩)।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, অভিযানে ১০৫ পিস ভারতীয় কম্বল, ৯০টি ক্যারেটে ১ হাজার ৯৮০ কেজি ভারতীয় টমেটো এবং ২৫টি বস্তায় ৭৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এছাড়া চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৪৩ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





