সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৭:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি আবুল আহমদকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) সিলেট। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শেরেবাংলা নগর থানার কলেজ অব নার্সিংয়ের সামনে এসআরবি-২ এর সহযোগিতায় যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, ভুক্তভোগী শিশুটি বিয়ানীবাজারের দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় শিশুটিকে বাড়িতে রেখে তার মা-বাবা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এই সুযোগে আবুল আহমদ ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটির মা-বাবা বাড়ি ফিরে এলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





