নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৪:৫০ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাককে কারাগারের পরিবর্তে নিজ বাসভবনে গৃহবন্দী থেকে সাজা ভোগের অনুমতি দিয়েছেন দেশটির উচ্চ আদালত। ১০ নভেম্বরের এ আদেশের পরপরই পরিবহন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির (ডিএপি) মহাসচিব অ্যান্টনি লোক। এ ঘটনায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ঐক্য সরকারে নতুন করে রাজনৈতিক চাপ ও মতবিরোধ তৈরি হয়েছে।
নাজিবের গৃহবন্দিত্বের সিদ্ধান্তকে কেন্দ্র করে মন্ত্রিসভা পুনর্গঠনের গুঞ্জন উঠেছে। তবে উপপ্রধানমন্ত্রী ও ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (আমনো) সভাপতি আহমদ জাহিদ হামিদি বলেছেন, মন্ত্রিসভায় আংশিক পরিবর্তনের চেয়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে জনগণের কাছ থেকে নতুন ম্যান্ডেট নেওয়াই উত্তম হতে পারে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল আইএমডিবি সংশ্লিষ্ট দুর্নীতি মামলার অংশ হিসেবে এসআরসি ইন্টারন্যাশনাল মামলায় দণ্ডিত নাজিব রাজাকের গৃহবন্দিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও রাজনৈতিক বিতর্ক চলছিল। গত ১৮ সেপ্টেম্বর রাজকীয় ক্ষমার আওতায় তাঁর সাজা কমিয়ে শর্তসাপেক্ষে গৃহবন্দিত্বের সুযোগ দেওয়া হয়। তবে এ আদেশ বাস্তবায়ন নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।
গত ৬ নভেম্বর ৫০ মিলিয়ন রিংগিত জরিমানা পরিশোধের পর নাজিবের মুক্তির বিষয়ে একটি আদেশ জারি হলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আবেদনের পর তা পুনর্বিবেচনার জন্য আদালতে যায়। ১০ নভেম্বর কুয়ালালামপুরের উচ্চ আদালত আগের আদেশ বাতিল করে নতুন আদেশ দেন। এতে নাজিবকে ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুরের তামান দুতা এলাকার নিজ বাসভবনে গৃহবন্দী থেকে এসআরসি মামলার অবশিষ্ট সাজা ভোগের অনুমতি দেওয়া হয়। জরিমানার ৫০ মিলিয়ন রিংগিত তাঁর দল আমনো পরিশোধ করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এই আদেশে নাজিবের সব আইনি জটিলতার অবসান ঘটেনি। আইএমডিবি সংশ্লিষ্ট আরেকটি মামলায় তাঁর পৃথক সাজা রয়েছে, যার আইনি প্রক্রিয়াও চলমান।
নাজিবের গৃহবন্দিত্বের সিদ্ধান্ত বর্তমান ঐক্য সরকারের দুই গুরুত্বপূর্ণ শরিক ডিএপি ও আমনোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্যকে আরও সামনে নিয়ে এসেছে। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে ডিএপি শুরু থেকেই নাজিবের সাজা কমানোর বিরোধিতা করে আসছিল।
ডিএপি মহাসচিব অ্যান্টনি লোক গত সেপ্টেম্বরে নাজিবের রাজকীয় ক্ষমার সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অনুরোধে তিনি দায়িত্বে বহাল ছিলেন। নাজিব গৃহবন্দিত্ব শুরু করার অনুমতি পাওয়ার পর ১০ নভেম্বর তিনি পরিবহন মন্ত্রীর পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন। তাঁর মতে, এ সিদ্ধান্ত তাঁর আগে ঘোষিত নীতিগত অবস্থানেরই প্রতিফলন। তবে মন্ত্রিসভা ছাড়লেও ডিএপি আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, নাজিবের দল আমনো গৃহবন্দিত্বের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনা আমনোর রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি ঐক্য সরকারের অভ্যন্তরীণ সমীকরণেও প্রভাব ফেলতে পারে।
পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোকের পদত্যাগের পর মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু হলেও উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। ১০ নভেম্বর মেলাকায় সাংবাদিকদের তিনি বলেন, এখন মন্ত্রিসভা পুনর্গঠনের প্রয়োজন দেখছেন না। বরং পার্লামেন্ট ভেঙে দিয়ে জনগণের কাছ থেকে নতুন ম্যান্ডেট নেওয়া এবং নির্বাচনের পর নতুন সরকার গঠন করাই ভালো হবে।
এদিকে, দ্বিতীয় অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজা আজিজানের সিনেটর পদের মেয়াদ আগামী ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এ বিষয়টিও মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
নাজিবের গৃহবন্দিত্বের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ডিএপির মতো গুরুত্বপূর্ণ শরিকের অসন্তোষ, অন্যদিকে আমনোর আগাম নির্বাচনের প্রস্তাব—দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নাজিবের গৃহবন্দিত্ব ও অ্যান্টনি লোকের পদত্যাগের কারণে ঐক্য সরকারের স্থায়িত্ব তাৎক্ষণিকভাবে হুমকির মুখে পড়বে, এমনটা নিশ্চিত নয়। আমনো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে কি না, সেটিই ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মালয়েশিয়া কি আগাম সাধারণ নির্বাচনের দিকে এগোবে, নাকি আনোয়ার ইব্রাহিম রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ঐক্য সরকারকে টিকিয়ে রাখবেন—তা এখন দেশটির রাজনীতিতে বড় প্রশ্ন।






