রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৮:০১ অপরাহ্ন

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের পাশের একটি গাছের ডাল থেকে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত পিন্টু কর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে। তিনি মৌলভীবাজার শহরের একটি বেকারিতে কাজ করতেন। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরতেন তিনি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পিন্টু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে ফোন করেন। তবে তিনি ফোন ধরেননি। পরে তিনি যেখানে কাজ করতেন, সেখানেসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজন ইউনিয়ন ভূমি অফিসের পাশের একটি গাছে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠায়। মরদেহের হাঁটু সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সঙ্গে লাগানো অবস্থায় ছিল বলে জানা গেছে। এ নিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও রাজনগর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের বলেন, পরিবার ও পরিচিত কয়েকজনের কাছ থেকে পিন্টু গত কয়েক দিনে প্রায় আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন তিনি। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।






