নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৪০:৪৬ অপরাহ্ন

সিলেট নগরে নকশা ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সিউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো ভবন নির্মাণকাজ পরিদর্শনে বের হন তিনি।
সিউক চেয়ারম্যান বলেন, পরিদর্শনকালে বেশ কিছু ভবন অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ করতে দেখা গেছে, যা সিউক আইনের ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থী। এসব ভবনমালিককে সতর্ক করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা করা নয়। বরং সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। অতীতে নির্মাণকাজে যেসব অনিয়ম বা নকশার ব্যত্যয় ঘটেছে, সেগুলো সংশোধন করে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতায় জড়ানোর চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা ভালো। এতে ভবনমালিকরা হয়রানি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়িয়ে নিরাপদে বসবাস করতে পারবেন। ভবন নির্মাণে কোনো ধরনের আইনগত বা নকশাগত জটিলতা রাখা উচিত নয়। সিউকের চলমান উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






