কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ১:৪৫:৩২ অপরাহ্ন
অধিকাংশ ভবনে নেই ফায়ার এক্সিট, পানির রিজার্ভারও অপর্যাপ্ত
হাইড্রেন্ট স্থাপনে ফায়ার সার্ভিসের প্রস্তাব, সিসিকের নেই পরিকল্পনা

মামুন পারভেজ: সিলেট নগরের মার্কেটগুলোতে প্রতিদিন বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বছরের শেষ দিকে বিভিন্ন উৎসব ও উপলক্ষকে কেন্দ্র করে জমে উঠছে কেনাকাটা। কিন্তু ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অধিকাংশ মার্কেটেই নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। অনেক ভবনে নেই জরুরি নির্গমনপথ বা ফায়ার এক্সিট, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং পর্যাপ্ত পানির রিজার্ভার।
ব্যবসায়ী সংগঠনের দাবি, নগরের প্রায় ৪৫টি মার্কেটের অধিকাংশ ভবনেই অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ নিয়ে ফায়ার সার্ভিস নোটিশ দিয়েছে, ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও মার্কেট সমিতিগুলোকে সতর্ক করা হয়েছে। কিন্তু কার্যকর উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সিলেট নগরের ১৭টি ভবন অগ্নি ও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে আটটি অতিঝুঁকিপূর্ণ। চিহ্নিত এসব ভবনের কোনোটিতেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সতর্ক করা হচ্ছে। তবে মার্কেটগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের পরিদর্শক যীশু তালুকদার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নগরীর ১৭টি ভবন ও মার্কেট অগ্নি ও ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটি অতিঝুঁকিপূর্ণ। এসব মার্কেটে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই।
যীশু তালুকদার বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো নিয়মিত পরিদর্শন করা হয়। বিশেষ করে প্রতি শনিবার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় নির্দেশনাসহ সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকি সম্পর্কে সতর্কও করা হয়েছে।
গতকাল বুধবার নগরের জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজা ম্যানশন মিতালী ম্যানশন, শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, সিলেট প্লাজা, আল-মারজান শপিং সিটি, সুরমা মার্কেট ও মধুবন, সিলেট মিউনিসিপ্যালিটি মার্কেট, হাসান মার্কেট ও হকার্স মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটে কোনোটায় নেই কোনো ফায়ার এক্সিট ও অগ্নিনির্বাপন ব্যবস্থা।
গত রোববার (৮ নভেম্বর) সিলেটের হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি দোকানের মালামাল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সরু রাস্তা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়।
এর আগে ২০২২ সালেও একই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ থেকে ২৫টি দোকান পুড়ে যায়। সে সময় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের কুদরত উল্লাহ মসজিদ থেকে পানি সংগ্রহ করেন।
সিলেট প্লাজার প্রত্যয় জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রশান্ত লিটন বলেন, ‘তাঁদের মার্কেটসহ আশপাশের কোনো মার্কেটেই ফায়ার এক্সিটসহ অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এসব মার্কেট নির্মাণের সময় মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা নিয়ে বর্তমানের মতো সচেতনতা ছিল না। গত কয়েক বছরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে মার্কেট কর্তৃপক্ষের অনেক আগেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।’
সিলেট মহানগর ব্যবসায়িক ঐক্য কল্যাণ পরিষদ সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিঝুঁকিতে থাকা মার্কেটগুলোতে নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মার্কেটের ব্যবসায়ী সমিতিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। তাঁদের কাছে প্রায় ৪৫টি মার্কেটের তালিকা রয়েছে। এসব মার্কেটের অধিকাংশ ভবনেই ফায়ার এক্সিট ও অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
জিন্দাবাজারের মিতালী ম্যানশনে কেনাকাটা করতে আসা ক্রেতা শামসুন্নাহার বলেন, ‘বছরের শেষ দিকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ে। কিন্তু সিলেটের বেশির ভাগ মার্কেটেই অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিভিন্ন উৎসব-পার্বণে মার্কেটগুলো নানা সাজসজ্জায় ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। অথচ মানুষের জীবনের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের তেমন মাথাব্যথা দেখা যায় না।’
সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড ঘটলে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পর্যাপ্ত পানির স্বল্পতা, মার্কেটের রিজার্ভার বা জলাধারের অপর্যাপ্ততা, সরু রাস্তা এবং উৎসুক ও উচ্ছৃঙ্খল জনতার ভিড় উদ্ধারকাজকে জটিল করে তুলতে পারে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক যীশু তালুকদার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যাপ্ত পানির সংকট, রিজার্ভারের স্বল্পতা, সরু রাস্তা এবং উৎসুক ও উচ্ছৃঙ্খল জনতার ভিড় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে ব্যবসায়িক নেতা আব্দুর রহমান রিপন বলেন, ‘পুরোনো ভবনগুলো নির্মাণের সময় অগ্নিনিরাপত্তার নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তবে বর্তমানে প্রয়োজনীয়তা উপলব্ধি হওয়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অগ্নিনিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবহেলা করে ফেলে রাখলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
নগরীর অগ্নিঝুঁকি কমাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সারা বছরই সচেতনতামূলক কর্মসূচি ও অগ্নিনির্বাপণ মহড়া আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনকে প্রস্তাব দেওয়া হয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণের পানির সংযোগ) স্থাপনের প্রস্তাব দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে পানির সংকটের কারণে এখনো এ বিষয়ে কোনো কাজ শুরু হয়নি।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান বলেন, ‘ফায়ার হাইড্রেন্টের প্রস্তবনার বিষয়টি আমি অবগত নই। খুব সম্ভবত আগের প্রধান প্রকৌশলী স্যারের সঙ্গে আলাপ হয়েছে। আমি কাল (বৃহস্পতিবার) অফিসে গিয়ে যেনে আপনাকে জানাতে পারব।’
সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলী আকবর বলেন, ‘নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের প্রস্তাব দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে নগরে পানির সংকট থাকায় সে সময় এ বিষয়ে কাজ করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নতুন ভবনের অনুমোদন দেওয়ার সময় ফায়ার এক্সিটসহ অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিশ্চিত করা হয়। তবে পুরোনো ভবনগুলোতে এ ধরনের সমস্যা রয়েছে।’ফায়ার হাইড্রেন্ট স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সিটি করপোরেশনের ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কোনো পরিকল্পনা নেই।’ কারণ পর্যাপ্ত পানির যোগান এমনিতেই দেওয়া সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টদের মতে, মার্কেটগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে শুধু নোটিশ প্রদান বা সচেতনতামূলক কর্মসূচি যথেষ্ট নয়। পুরোনো ভবনগুলোর ঝুঁকি নিরূপণ, ফায়ার এক্সিট নির্মাণ, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন, পর্যাপ্ত পানির রিজার্ভার নিশ্চিত করা এবং নিয়মিত মহড়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপনেও উদ্যোগ প্রয়োজন।
প্রতিদিন হাজারো মানুষ যেসব মার্কেটে কেনাকাটা করতে যান, সেসব স্থাপনার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতাদের আকর্ষণে মার্কেটের সাজসজ্জা যতটা গুরুত্ব পাচ্ছে, মানুষের জীবন রক্ষার নিরাপত্তাব্যবস্থা ততটা গুরুত্ব পাচ্ছে কি না, সেই প্রশ্নই সামনে এসেছে।





