সিলেট কল্যাণ সংস্থার সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫০:২৩ অপরাহ্ন
সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৪৬তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম ও মাঠপর্যায়ের কর্মসূচির পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৮ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হবে। এতে সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হবে।
সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সহসভাপতি এম এ আলী জালালাবাদী। স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার।
সভায় সাংগঠনিক কার্যক্রম ও মাঠপর্যায়ের কর্মসূচি নিয়ে বক্তব্য দেন সিকসের কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের বিভাগীয় কমিটির সহসভাপতি কবি মকসুদ আহমদ লাল, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহসাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া খান ও জামাল আহমদ, সোহেল আলী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহসাধারণ সম্পাদক দীপক কুমার মোদক বিলু এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি




