৭০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক বিজিবির
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৫:৪৭:৩৭ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে ২ দিনে ৭০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
২৯ ও ৩০ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, কালাসাদেক, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, তামাবিল এবং পান্থুমাই বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, বিস্কুট, চকলেট, মেহেদি, অলিভ ওয়েল, বডি লোশন, শ্যাম্পু, বিভিন্ন প্রকার ক্রিম, সাবান, গরুর মাংস, গরু, মহিষ, শীতের কম্বল, বিড়ি, বিয়ার, মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৬৯ লাখ ৯৯ হাজার ১১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি





