ডিবির জালে বিকাশ-নগদ প্রতারক চক্রের দুই সদস্য
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৯:৫২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন দোকান থেকে ডিজিটাল প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদের টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর হযরত শাহজালাল (র.) মাজার এলাকা থেকে সিলেট নগরী ও সুনামগঞ্জের একাধিক দোকান থেকে টাকা আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের পুত্র মো. ওসমান গনি (২১) এবং ৬নং ওয়ার্ডের সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহাম্মদ (২২)।
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, দুটি বাটন ফোন, মোট ১২টি সিমকার্ড এবং নগদ ৪০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতারকরা গত ৮ জুলাই নগরীর মদিনা মার্কেট ও শাহজালাল গেইটে নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে বিক্রেতাদের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে। পরে সেই পিন ব্যবহার করে একাধিক ই-ট্রানজাকশনের মাধ্যমে ৩০ হাজার ও ৪৯ হাজার টাকা আত্মসাৎ করে। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসএমপির গোয়েন্দা টিম প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





