ওসমানী মেডিকেল এলাকায় ৩ ফার্মেসীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৯:১৯:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে ওসমানী মেডিকেল রোড ও আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের আদেশে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করার দায়ে ৩টি ফার্মেসীকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং বিভিন্ন কারণে সিলেট মেডিকেলকে ৫০ হাজার টাকা, শেফালী ফার্মেসীকে ১০ হাজার এবং অন্য আরেকটি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ দৈনিক জালালাবাদকে জানান, ফার্মেসীতে সবধরণের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন কারণে সিলেটের ৩টি ফামের্সীকে জরিমানা করার পাশাপাশি বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। জনকল্যাণের সার্থে সিলেটে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।





