আরামবাগে স্ত্রী হন্তারক স্বামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:৫০:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আরামবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে নিশাত ফাতেমা চৌধুরী (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) কে গ্রেপ্তার করেছে শাহপরান থানা পুলিশ।
আটক সফি আহমদ চৌধুরী সুমন (৪৮), জকিগঞ্জ থানার পরচক গ্রামের মৃত মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং বর্তমানে শাহপরান থানার আরামবাগ আবাসিক এলাকার ১নং রোডের রশিদ মঞ্জিলে বসবাস করছিলেন।
নিহতের পরিবার বলছে, স্ত্রীকে নির্যাতনের পর হত্যার চেষ্টা করা হয়। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন স্বামী। তবে পুলিশ বলছে, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই (সোমবার) রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন স্ত্রী নিশাতকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের কপাল, গলা, হাতের তালু ও বাহুসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। ১৬ জুলাই ভোর ৪টা থেকে ৪টা ৩০ এর মধ্যে নিশাত ‘আত্মহত্যা’ করেছেন বলে স্বামী ফোনে নিহতের ফুফাতো ভাইকে জানান। পরে আত্মীয়স্বজন গিয়ে নিশাতের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে শাহপরান থানা পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে যায়। উপস্থিত হয়ে এসআই হালিমা আক্তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের শরীরে স্পষ্টভাবে মারধরের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিনই শাহপরাণ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।





