আম্বরখানায় ভারতীয় চোরাইপণ্যসহ ট্রাক জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১০:০৩:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকালে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে ট্রাকটি আটকে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করা হয়। শনিবার (১৯ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানায়, পুলিশ সকাল সাড়ে ৭ টায় বড়শলা বাইপাস এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে আম্বরখানা পুলিশ ফাঁড়ির দুইটি দল ধাওয়া করে আম্বরখানা এলাকায় ব্যারিকেড দিলে চালক ও সহযোগীরা মজুমদারী আবাসিক এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ৯৬ হাজার পিস জিলেট ব্লেড ও একটি হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) জব্দ করে পুলিশ। তবে ট্রাকটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ছিল বলে জানায় পুলিশ।





