মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত বেড়ে ১২ জন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৬:১৭:৫১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়া থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহনকারী বোট ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সোমবার আরও পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
কেদাহ ও পেরলিস রাজ্য মেরিটাইম বিভাগের পরিচালক লাক্সামানা প্রথমা রোমলি মুস্তাফা জানান, উদ্ধারকারী দল সোমবার দুপুর ১২টা ৪৭ মিনিট থেকে বিকেল ৩টা ৩১ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে মরদেহগুলো উদ্ধার করে। তিনি বলেন, প্রথমে একজন শিশুপুত্রের মরদেহ তানজুং বেলুয়ার দক্ষিণ-পশ্চিমে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে পাওয়া যায়। অল্পক্ষণ পর রয়্যাল মালয়েশিয়ান নেভি-এর বোট সমুদ্রে ভাসমান একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার করে। এরপর পুলাউ রেবাক বেসারের উত্তর-পশ্চিমে ভাসমান অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক নারীর মরদেহ পাওয়া যায়।
রোমলি আরও জানান, বিকেল ৩টা ৩১ মিনিটে আরেক নারীর মরদেহ উদ্ধার হয়। একই সময়ে মেরিন পুলিশ ভাসমান একজন পুরুষের মরদেহ পেয়ে সেটিকে হারবার পার্ক জেটিতে নিয়ে আসে।
তিনি বলেন, সোমবার উদ্ধার হওয়া মোট পাঁচটি মরদেহের মধ্যে রয়েছে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ, দুইজন প্রাপ্তবয়স্ক নারী এবং এক শিশু। বিস্তৃত অনুসন্ধান এলাকাটি ২৫৫.৬৬ নটিক্যাল মাইল পর্যন্ত বাড়ানো হয়েছিল, যেখানে সমুদ্র ও আকাশপথের বিভিন্ন সম্পদ অংশ নেয়।
এদিকে, সোমবার সকালে থাই কর্তৃপক্ষ তাদের জলসীমায় আরও ছয়টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। ফলে দুই দেশের সমুদ্রসীমায় এই দুর্ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।





