রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১২:১০:১৮ অপরাহ্ন
দেশব্যাপী কঠোর নিরাপত্তা

জালালাবাদ রিপোর্ট : গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক অঙ্গন এমনিতেই উত্তপ্ত। এরমাঝে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে দেশব্যাপী কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতসহ আটটি দলের জোট জানিয়েছে, ‘ফ্যাসিবাদী শক্তির’ নাশকতা রুখতে তারা আজ বৃহস্পতিবার সারা দেশে নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান করবে। মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন। এই দাবি আদায়ে ১৪ নভেম্বর জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল এবং দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোটের শীর্ষ নেতারা আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসবেন বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের আমীর আব্দুল বাসিত আজাদসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও তাদের সব স্তরের নেতাকর্মীকে মাঠে থাকার নির্দেশ দিয়েছে। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এক ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগের দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো নাশকতা বা নৈরাজ্যের জবাব দিতে ইসলামী ছাত্রশিবির প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই, আর দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।
এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ায় নেই এবং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই। বুধবার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের জন্য কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে। দেশজুড়ে পুলিশের টহল, তল্লাশিচৌকি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি রেলপথেও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ হতে যাচ্ছে আজ ১৩ নভেম্বর। এদিনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এটিকে কেন্দ্র করে গত তিনদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ আওয়ামীলীগ।





