ওসমানী মেডিকেলে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৭:২৩:৫৩ অপরাহ্ন
‘এখনই পদক্ষেপ নিন; বর্তমান সুরক্ষিত রাখুন, ভবিষ্যৎ নিরাপদ করুন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ নভেম্বর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ ২০২৫।
এই সপ্তাহ পালনের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ এক বৈজ্ঞানিক সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করে। কলেজ ভবনের দোতলায় সেমিনার কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপকবৃন্দ, সহযোগী অধ্যাপকগণ, সহকারী অধ্যাপকমন্ডলী, সকল স্তরের শিক্ষক, চিকিৎসক, ল্যাব টেকনোলজিস্ট ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফ-উন নবী এন্টিবায়োটিক ব্যবহারের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর বর্তমান চিত্র তুলে ধরেন বিভাগটির সহকারী অধ্যাপক ডা. আজিমা আক্তার ঝুমা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী চিকিৎসকদের এন্টিবায়োটিক ব্যবহারে সবাইকে সচেতন করার আহ্বান জানান। তিনি এ ধরনের আয়োজনের জন্য মাইক্রোবায়োলজি বিভাগকে ধন্যবাদ জানান এবং চিকিৎসকদের নিয়ে এ ধরনের আয়োজন আরো বেশি হওয়া জরুরী বলে অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ এই মহামারী মোকাবেলায় চিকিৎসকের পাশাপাশি সকল স্তরের মানুষকে সচেতন হতে আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রেমানন্দ দাস এন্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার রোধ এবং রোগীর নমুনা কালচার সেনসেটিভিটি পরীক্ষা করে যথাযথ এন্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগটির প্রভাষক ডা. সুস্মিতা রায়। বিজ্ঞপ্তি





