সিলেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি: খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬:৪৯ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন শপিংমল ও মার্কেটে মঙ্গলবার দুপুরে গণসংযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জল্লারপাড় রোডের রাজা ম্যানশন, গ্যালারিয়া, এলিগ্যান্ট শপিংমলসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা করেন।
গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির বলেন, শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের সব সূচকে সিলেট পিছিয়ে পড়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সিলেটের প্রতি চরম উদাসীন ছিল। তারা সিলেটের ব্যবসায়ীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্প ও বাণিজ্যের প্রসারে বিশেষ উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, বতর্মান তরুণ প্রজন্ম ভোট কি জিনিস সেটা দেখার সুযোগ পায়নি। এবারের নির্বাচনে একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে ভোট উৎসবে যোগ দিয়ে সর্বস্তরের মানুষকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, এলিগ্যান্ট শপিংমলের স্বত্বাধিকারী আব্দুল মুনিম শিপু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি জিডি রুমু, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সহ সভাপতি রাসেল আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইব আহমেদ অভী, মো. জিয়াউর রহমান চৌধুরী, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক ডা. জামিল আহমদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।
এদিকে, বিকেলে লাক্কাতুরা গলফ ক্লাবে সকল চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন খন্দকার মুক্তাদির। পরে রাতে নগরীর ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিজ্ঞপ্তি





