জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট : হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:১৫:৩৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলেও নিজেদের পৃথক দলীয় প্রতীকে নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুল খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনী জোট গঠনের পরও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে।
অতীতে নির্বাচনী জোটে সাধারণত নেতৃত্বপ্রাপ্ত দলের প্রতীকের মাধ্যমে ছোট দলগুলো ভোটে অংশ নিত, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে। এর আগে গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে- এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এ রিট দায়ের করেন।





