৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করল ডিএনসিসি
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫৩:৫২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণ করা হয়েছে। ডিএনসিসির তথ্যমতে, সমাবেশস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতেই ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ৩০০ ফিট এলাকায় দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। তার নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ অভিযানে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮ ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন।পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ শীতের মধ্যে সকাল থেকে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং বিএনপির যেসব নেতাকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো।
তিনি আরও বলেন, যেকোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি পরিচ্ছন্নতা কাজে যুক্ত হন, তাহলে শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তোলা সহজ হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। সে জনসমাবেশে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ সুরক্ষার লক্ষে ডিএনসিসি তাৎক্ষণিকভাবে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।





