সিলেটের ৬ আসনে ৫৬ প্রার্থীর ফরম উত্তোলন
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আজ ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৬ জন এমপি প্রার্থী। এর মধ্যে জমা দিয়েছেন মাত্র ১ জন। আজই শেষ হচ্ছে মনোয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা। শেষ দিনে বুঝা যাবে কারা যাচ্ছেন ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায়। সন্ধ্যায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, জেলার ৬ আসনে ১৬ টি দলের ৪৯ জন ও ৭ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, জাতীয় নাগরিক পার্টির ৩ জন (এনসিপি), খেলাফত মজলিসের ২ জন, গণ অধিকার পরিষদের ৪ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ১ জন, জাতীয় পার্টি ৩, জাতীয় পার্টি (জিএম কাদের) ২ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ১ জন, গণফোরামের ১ জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ১, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ১, বাংলাদেশ মুসলিম লীগ ১ জন এবং স্বতন্ত্র ৭ জন।
নির্বাচন অফিসের তথ্য মতে, সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ১ জন করে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে বিএনপির ২ জন, জামায়াতে ইসলামীর ১ জন, খেলাফত মজলিসের ১ জন, গণ অধিকার পরিষদের ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন, গণফোরামের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন ও জাতীয় পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-৩ আসনে বিএনপির ২ জন, জামায়াতে ইসলামীর ১ জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, জাতীয় পার্টি (জিএম কাদের) ১ জন ও স্বতন্ত্র ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-৪ আসনে বিএনপির ১ জন, জামায়াতে ইসলামীর ১ জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১ জন, গণঅধিকার পরিষদের ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন, জাতীয় পার্টি (জিএম কাদের) ১ জন, ইসলাম আন্দোলন বাংলাদেশের ১ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামী ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১ জন, বাংলাদেশ মুসলিম লীগ ১ জন, জাতীয় পার্টি ১ জন ও স্বতন্ত্র ৩ জনসহ মোট ৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া সিলেট-৬ আসনে বিএনপি ৪ জন, জামায়াতে ইসলামীর ১ জন, গণ অধিকার পরিষদের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, জাতীয় পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার পর্যন্ত সিলেটের ৬ আসনে মোট ৫৬ জন প্রার্থী সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন।





