খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০০:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদসহ নগরীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শুক্রবার বাদ জুমআ সিলেট বিভাগের সকল জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে মসজিদেও দোয়া মাহফিল আয়োজনের খবর পাওয়া গেছে।
এদিকে বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে দেশের সকল জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ছিল সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন।
এদিকে শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মুসল্লিরা।
বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানগুলিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও তার জান্নাতুল ফিরদাউস লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগরীসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মসজিদগুলোতে একযোগে এ কর্মসূচি পালিত হয়। অনেক স্থানে ইমাম ও খতিবরা নামাজ পরবর্তী মোনাজাতে খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে দোয়া করেন।





