মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ ১ আসনের জামায়াত প্রার্থী অবরুদ্ধ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:০৯:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল খানকে ১০ দলীয় জোটের অফিসে তালাবদ্ধ করে রাখেন কর্মী-সমর্থকরা। পাশাপাশি তারা বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভকারী শাহিন জানান, সুনামগঞ্জ ১ আসনে তোফায়েল আহমদ খানের কোন বিকল্প নেই। যাকে জোটের প্রার্থী দেয়া হয়েছে তাকে কেউ চিনেনা। মানুষের সাথে তার কোন সম্পৃক্ততা নাই। সুনামগঞ্জ-১ আসনে আমরা এমন প্রার্থী চাই না।
হাসানুল বান্না নামের আরেকজন ভোটার বলেন, আমরা শুনেছি এই আসনে নেজামে ইসলামের একজন প্রার্থীকে জোটের মনোনয়ন দেয়া হয়েছে, যেটা আমরা কোনভাবেই মানতে পারিনা। আমাদের সুখে দু:খে সবসময় ছায়ার মতো ছিলেন তোফায়েল আহমদ খান। উনাকে রেখে অন্য কেউ প্রার্থী হোক আমরা চাই না।
সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল খান বলেন, দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। ভোটারদের আশা আকাঙ্খা আমাকে ঘিরে। তাদের আবেগ, ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেন, আমার নির্বাচনি আসনে যাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে তিনি কোন গণসংযোগ করেননি। এছাড়া ইতিমধ্যে ঐ প্রার্থী বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন বৈঠক ও সভা করার ভিডিও আমার হাতে এসেছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করেছি।





