গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে নির্বাচন ও গণভোটের বিকল্প নেই : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৭:২৭:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোট-অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় নির্বাচনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলারক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে একটি স্বচ্ছ নির্বাচন ও গণভোটের বিকল্প নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়ারা সাদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি শাহ এস এম ফরিদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ হিফজুল রহমান তালুকদার জিয়া, সাংবাদিক শাহজাহান মিয়া, ফুজায়ের আহমদ, তৈয়বুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।





