সিলেট সীমান্তে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:৫১:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। শনি ও রোববার পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। রোববার (২৫ জানুয়ারী) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা গেছে, শনি ও রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সংগ্রাম, ডিবির হাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মহিষ, শাড়ি, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস ও সিনকারা সিরাপ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।
একই সময়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ি, বডি লোশন, অলিভ অয়েল, চকলেট, সনপাপড়ি ও সিগারেট জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দৃকত চোরাইপণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





