শাহজালাল (র.) মাজারে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৯:৩৭:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর হযরত শাহজালাল (র.) মাজারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে মাজার এলাকার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি খান মোঃ মাইনুল জাকির জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





