বনবিভাগের বিল্ডিং থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৮:৩৭:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে বনবিভাগের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব-৯।গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের মধ্যে ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধারকৃত এসব উপকরণ উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে এসব বিস্ফোরক নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে র্যাবের ধারণা।
শুক্রবার (৩০ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





