কুলাউড়ায় ভেজাল প্রসাধনী জব্দ, গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৭:৩৭:১০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ২ লক্ষ ৫৯ হাজার ২শ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) এনামুল হক সাগর, এসআই মো. জুনেদ আহমদসহ পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ প্রায় ১ লক্ষ ৭ হাজার ৯৩০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম (৩৮), মো. সোহেল রানা (৩৯), মো. আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মো. বাবু মন্ডল (৪০) এবং মো. রুহুল আমিন (৩৬) নামে ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় ইমা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি স্প্রে, বডি লোশন ও বিউটি ক্রিমসহ প্রায় ১ লক্ষ ৫১ হাজার ২৭০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ভেজাল প্রসাধনী সংগ্রহ করে কুলাউড়ার বিভিন্ন দোকান ও গ্রামাঞ্চলে ফেরি করে বিক্রি করছিল। এ ঘটনায় আটক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।




