কুলাউড়ায় নিখোঁজের পর যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৫:৪৪:০০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, সোমবার রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে চকসালন এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, রিপনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।





