শিবিরের সাবেক নেতৃবৃন্দের সাথে মহানগর জামায়াতের ইফতার
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৯:২৯:০১ অপরাহ্ন

জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। তাই ইসলামী আন্দোলন থেকে অবসরের কোন সুযোগ নেই। কারণ আমাদের মূল লক্ষ্য ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে আমাদের ভাইয়েরা যৌবনের গতিপথ বদলে দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। এদেশে ইসলামের বিজয়ে তাদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে শিবিরের সাবেক সাথী-সদস্য ভাইদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সাবেক সাথী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে। বিজ্ঞপ্তি





