বড়লেখায় চলন্ত অটোরিকশায় গাছ পড়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৯:৪০:১৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর রাস্তার পাশের একটি ঝুঁকিপূর্ণ গাছ ভেঙে পড়ে এক মহিলা যাত্রির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ওই মহিলার স্বামী জমির উদ্দিন ও অটোরিকশা চালক রুবেল আহমদ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বড়লেখা শহরের বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশাটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী যাত্রি ঘটনাস্থলে মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নারীর স্বামী ও চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছেন।




