কোম্পানীগঞ্জে ৩৯ ট্রাক্টরসহ বিপুল পাথর-বালু জব্দ : আটক ৫
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ৩:২২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ট্রাকসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শাহ আরেফিন টিলায় পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে এসব পাথর ও বালু জব্দ করা হয়। এসময় ৩৯টি ট্রাক্টর জব্দ এবং ৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী এসপি সম্রাট হোসেন তালুকদার।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আরেফিন টিলা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু এবং পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) এবং রুপজান (৬৫)।
পুলিশ জানায়, তারা অবৈধভাবে পাথর পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিযানের সময় সরকারি কাজে বাধা দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।




