মদীনা মার্কেটে মাংসের দাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, : ২ স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১২:০১:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর পাঠানটুলা মদীনা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পেট্রোল পাম্প, বাসা বাড়ী ও যানবাহনে ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
এদিকে এই ঘটনায় সিলেট মহানগর স্বেচছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীসহ ২ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় স্থানীয় পেট্রোল পাম্প, বাসা-বাড়ী ও মাইক্রোবাস ভাংচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে দু’পক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দু’পক্ষই চলে যান। রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।





