ঈদ ঘিরে ব্যাপক প্রস্তুতি : সিলেটে হচ্ছে ৩ হাজার জামাত
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১২:৩২:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা ও মহানগর মিলিয়ে প্রায় তিন হাজার স্থানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ প্রশাসনের তথ্যমতে, পুরো সিলেট জেলায় মোট ২ হাজার ৯৫৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৩৯৬টি জামাত। নগরের বিভিন্ন মসজিদে বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হলেও, একাধিক ঈদগাহেও বিশেষ জামাতের আয়োজন রাখা হয়েছে।
অন্যদিকে, জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজারের বেশি স্থানে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। এসব জামাতের বড় অংশই মসজিদে অনুষ্ঠিত হবে, পাশাপাশি খোলা ঈদগাহ মাঠেও থাকবে উল্লেখযোগ্য সংখ্যক জামাত।
সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে, যেখানে সকাল সাড়ে ৮টায় নামাজ আদায় করার সময় নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে বিশেষ উদ্যোগ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে বাড়তি নজরদারি এবং বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে, জেলার প্রতিটি জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানান, ঈদকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে। বড় ঈদগাহ মাঠগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।





