সিলেটে বৃষ্টিহীন জামায়াত, উৎসবমুখর ঈদ উদযাপন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১২:১৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ১ মাস সিয়াম সাধনার পর সিলেটে উৎসবের আবহে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে।
এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা স্থানে চলছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বের অন্য সব স্থানের পাশাপাশি বাংলাদেশকেও সংকটের ঝুঁকিতে ফেলেছে। তার মধ্যেই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এসেছে আনন্দের বার্তা নিয়ে।
ঈদের দিন ঝড়বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের সকালে আকাশ মেঘলা থাকলেও ঈদগাহে ঈদ জামাত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।
সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
শাহী ঈদগাহে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূমসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করেন।
নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে বিশ্বজুড়ে মুসলিমদের ওপর চালানো নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ এবং নিপীড়িত মুসলমানদের রক্ষায় সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি রশিদুর রহমান ফারুকী শায়খে বরুণা।
হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। এরিমধ্যে দুই জামাত অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো সিলেটজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ-মসজিদ এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন।




