শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন বাণিজ্য মন্ত্রী ও প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ২:৩০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। নামাজ শেষে মন্ত্রীদ্বয় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জেলার প্রধান ঈদ জামাতে তারা অংশ নেন। ঈদের নামাজ পরিচালনা করেন বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী।
শুভেচ্ছা বিনিময় শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ তাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় এম এ মালিক এমপি, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন।
#
রাসেল / ২০২৬ খ্রি./ ১৩:০০ ঘণ্টা




