শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ২:৫৩:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুর্তাখাই গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও সাইদুল ইসলাম (৩০)। আহত গুলজার আহমদকে (২৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) নিহত শফিকুল ইসলাম ও সাইদুল ইসলামের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঈদের এক সপ্তাহ আগে একটি নতুন মোটরসাইকেল কেনেন। সেই মোটরসাইকেলে করে রোববার দুই বন্ধুকে নিয়ে জেলার তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র শিমুলবাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ হোসেন জানান, তিনজনের মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অন্য দুজনের মধ্যে একজনকে সিলেটে পাঠানো হয়। আরেকজনকে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





