ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন গেলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ১১:২৯:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিশ্ব বাণিজ্য সংস্থার World Trade Organization (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (এমসি-১৪) আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) ক্যামেরুনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আগামী ১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাণিজ্য সুবিধা সংরক্ষণ ও সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। বিশেষ করে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশ নেবেন বাণিজ্যমন্ত্রী। এসময় বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
ডব্লিউটিওর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। এখানে সদস্যদেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা।




