৩২ ঘণ্টায় সিলেট নগরে পুলিশের অভিযানে গ্রেফতার ৮০
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৩৩:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে গত ৩২ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। ২২ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী, চোরাচালানকারীসহ মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, ২২ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৩ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৪৯ জনকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে এবং নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহভাজন হিসেবে আরও ৪ জন রয়েছেন।
এদিকে, ২৩ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে আরও ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ও মাদকসেবী ৭ জন, ১০ জন সন্দেহভাজন ব্যক্তি এবং নিয়মিত ও পূর্বের মামলার আরো ১১ আসামী রয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





