তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে : মিজান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৯:০৫:৫১ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড়যুগ পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এদেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলায় পরিণত করা হবে। একই সাথে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ঈদুল ফিতরের সাম্য, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষার আলোকে আর্তমানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি সোমবার বিকেলে ছাতক রাজাপুর কালারুকাস্থ জয়েন্ট কনভেনশন সেন্টারে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনতার সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।




