বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৮:৫৮:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, প্রতিটি শিক্ষার্থীকে প্রাথমিকভাবে বাধ্যতামূলক ১ লাখ টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে। পরবর্তীতে মাইগ্রেশন প্রক্রিয়া শেষে সরকার নির্ধারিত বাকি ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কোনো কলেজই নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না।
এতে আরও বলা হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থীদের অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে বদলির সুযোগ থাকবে। অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদনের সময়সীমা ২৯ মার্চ বিকেল পাঁচটা থেকে ৩১ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।
কলেজভিত্তিক নির্বাচিত স্বঅর্থায়নে ভর্তিচ্ছুক দেশি প্রার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ বা ইউনিটগুলো থেকে জানা যাবে। অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিুইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সব মূল সনদ যাচাই করে অবশ্যই জমা রাখবে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড ভর্তির আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে।
উল্লিখিত নিয়মাবলি সম্পাদনের পর যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। ভর্তি পরবর্তী সময়ে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী নিয়মানুযায়ী কোনো মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোয় আসন বরাদ্দ পেলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল সনদ শিক্ষার্থীকে ফেরত প্রদান করবে।
আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে। অনলাইনে পাওয়া আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।





