সুনামগঞ্জে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৫:৫৯:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ আলফাত স্কয়ার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছেন তদন্ত কমিটি। বুধবার সকাল এগারোটায় সরেজমিনে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির আহবায়ক এডিএম সুনজিত কুমার চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি এবং সিভিল সার্জন এর প্রতিনিধিসহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সুনামগঞ্জ জেলা ইলেকট্রনিকস এসোসিয়েশন এর সভাপতি এবিএম জাকির হোসেন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত কমিটি এসে দেখে গেছেন। আমাদের দোকানগুলোতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখেছেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের বক্তব্য নিয়েছেন।
তদন্ত কমিটির সভাপতি এডিএম সুনজিত কুমার চন্দ বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা, আমরা এগুলো করব এবং অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের কয়েকটি পয়েন্ট বের করেছি। আমরা তদন্ত কমিটি এবং টেকনিক্যাল পার্সনসহ বসব, আলোচনা করে পরবর্তীতে জানাব।




