শ্রীমঙ্গলে কিশোর হত্যা মামলায় আটক ২
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:২৮:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কিশোর জুনায়েদ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীমারকুল গ্রামের মো. ছুরুত আলীর (ওরফে ছুরুক) পুত্র মো. মারুফ (২৪) এবং একই এলাকার তোরাব মিয়ার পুত্র মো. জুয়েল মিয়া (২৭)। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে আপাতত অন্যান্য তথ্য প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে




