মৌলভীবাজারে প্রাইভেট কারসহ ৫ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ৬:৩৬:৫০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই জাকির হোসেন রুবেল ফোর্সসহ আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ৫ ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলো-হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে ছিকন আলী (৩৫), শ্রীমঙ্গল উপজেলার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর (নসিবপুর) গ্রামের শাহেদ মিয়া (২৬) ও মৌলভীবাজার সদর উপজেলার পতন (শাহবন্দর) গ্রামের মো. অভি (২৪)।
অভিযানকালে তাদের ব্যবহৃত প্রাইভেট কার এবং প্রাইভেট কারের ভেতর থেকে ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের বরাত দিয়ে জেলা পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্ত ও থানা রেকর্ড পর্যালোচনায় আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃত শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় চুরি, নারী নির্যাতনসহ ১১ টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চুরি ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। এর পাশাপাশি মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত ও গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





