ওসমানীনগরে দুই যুবকের মাথা ন্যাড়ার ভিডিও ভাইরাল
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৭:০৫:২৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে হাঁস চুরির দায়ে ইউপি কার্যালয়ে সালিশ বৈঠকে দুই যুবকের মাথা ন্যাড়া করা হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ইউপি সদস্যকে আটক করে ৫৪ ধারায় কোর্টে চালান করেছে। ধৃত দুই ইউপি সদস্য হলেন, বুরুঙ্গা ইউপির ২নং ওয়ার্ডের সদস্য দিপংকর দেব সিবু ও ৩নং ওয়ার্ড সদস্য মো. আতিকুর রহমান। বিকেলে কোর্টে তাদের জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানকেও খোঁজছে পুলিশ।
জানা যায়, গত ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের ইছদ্দরের ছেলে আকবর হোসেন (২১) ও একই গ্রামের আব্দুর রুপ এর ছেলে সাগর (২০) কে হাঁস চুরির অভিযোগে স্থানীয় জনতা আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও পরিষদের সদস্যরা ইউপি কার্যালয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে টমটমসহ অন্যান্য চুরির কথা তারা স্বীকার করে থাকে। এরপর তাদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা রেখে জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর চুরির দায়ে দুই যুবকের সালিশ বৈঠকে মাথা ন্যাড়া করার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে শনিবার ভোররাতে ওসমানীনগর থানা পুলিশ ইউপি সদস্য দিপংকর দেব সিবু ও মো. আতিকুর রহমানকে আটক করে ৫৪ ধারায় সিলেট কোর্টে চালান করেন। তবে চুরির দায়ে অভিযুক্ত ভাইরাল ভিডিওর দুই যুবককে বর্তমানে এলাকায় পাওয়া যাচ্ছেনা।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, চুরির দায়ে ২জনকে ধরে পরিষদে নিয়ে আসে জনতা। তাদেরকে আমরা জনতার মারপিট থেকে রক্ষা করে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেই। পরিষদের বাইরে কে বা কারা তাদের মাথা ন্যাড়া করেছে, আমরা জানিনা। ইউপি সদস্যদের বিকালে কোর্ট থেকে জামিনে ছাড়িয়েছি।
ওসমানীনগর থানার তদন্ত ওসি এস এম মাহমুদুল হাসান রিপন বলেন, মাথা ন্যাড়ার অভিযোগে দুইজনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানকেও খোঁজা হচ্ছে।





