সিলেটে হাম আতঙ্ক বাড়ছে
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৫৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের হাসপাতালগুলোতে হাম সন্দেহে ভর্তি রোগী সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যাও। ইতোমধ্যে হামে প্রথমবার ৪ মাস বয়সী শিশুর মৃত্যুতে সিলেট জুড়ে বিরাজ করছে অজানা আতঙ্ক।
গত ২৪ ঘন্টায় ল্যাবের পরীক্ষায় নতুন করে কোন হাম রোগী শনাক্ত না হলেও এই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৬ জন। এ নিয়ে সিলেট বিভাগে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানা গেছে, চলতি বছরের জানুয়ারী থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ল্যাব টেস্টে হাম সনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩৭ জন। এর মধ্যে হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১০ জন, সুনামগঞ্জের ১১ জন ও সিলেটের ১০ জন রয়েছেন।
জানা গেছে, সিলেটে হামের টেস্টের সুযোগ না থাকায় ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। ফলে উপসর্গ নিয়ে ভর্তি রোগীর নমুনা পরীক্ষায় অতিরিক্ত সময় লাগছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৭ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল, ২ বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে, ১ জন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আর সবমিলিয়ে সিলেট বিভাগের ১৩টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০৫ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম হাম আক্রান্ত হয়ে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।





